nazmul07npk

Posts: 202 Points: 596 Reputation: 2 Join date: 2012-01-18 Age: 20 Location: Dhaka Cantonment,Dhaka
 | Subject: সৌভাগ্যের শহরে বিপিএল একটু বদলাল Sun Feb 19, 2012 11:46 am | |
| বাংলাদেশ ক্রিকেট দলের জন্য চট্টগ্রাম সৌভাগ্যের শহর, বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্যও কি তাই? দেশি-বিদেশি 'তারকা'(?)দের নিয়ে উদ্বোধনী অনুষ্ঠান, মাঠে ক্রিকেট ছাড়াও মসলাদার বিনোদনের আয়োজন_দর্শক টানার কত উপকরণই না ছিল ঢাকায়। প্রথম দিনের পর কমেছে টিকিটের দামও। তার পরেও গ্যালারিতে ফাঁকা জায়গাই ছিল বেশি। চট্টগ্রামের ছবিটা ঠিক তার উল্টো। দুপুর থেকেই দর্শকদের স্রোত সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উদ্দেশে। সন্ধ্যায় ১৭ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে ফাঁকা জায়গা চোখে পড়েছে কমই। চট্টগ্রাম কিংস দলের 'যুবরাজ' (পড়ুন আইকন খেলোয়াড়) তামিম ইকবাল। কিন্তু বিপিএলে মাত্র এক ম্যাচেই মাঠে নামা হয়েছে এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যানের। মাত্র ৩ রান করে আউট হওয়া তামিম পরের চার ম্যাচে ছিলেন দর্শক, নিজের শহরে চট্টগ্রাম কিংসের প্রথম ম্যাচেও তাঁকে থাকতে হয়েছে মাঠের বাইরে। কারণ হিসেবে যদিও বলা হচ্ছে কুঁচকির চোট, তবে বাতাসে ভাসছে অন্য কথা। ভিন দেশ থেকে আসা 'মন্ত্রী' (টিম ডিরেক্টর) ডিন জোন্সের সঙ্গে মনকষাকষিতেই নাকি মাঠের বাইরে তামিম! কিন্তু একাদশ ঘোষণার আগে সেই খবরটা দর্শকদের কানে পেঁৗছানোর তেমন কোনো সুযোগ নেই। তাই ঘরের মাঠে ঘরের ছেলের খেলা দেখতেই হোক আর টোয়েন্টি টোয়েন্টির উত্তেজনায় বুঁদ হওয়ার নেশাতেই হোক, দর্শক এসেছে মাঠে। তাতেই খানিকটা ঘুচেছে বিপিএলের কর্তাব্যক্তিদের দুর্ভাবনা। সন্ধ্যা সাড়ে ৬টায়, দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আধঘণ্টা আগে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু তাই স্বস্তির সুরেই বলেছেন, 'গ্যালারি এবং ক্লাব হাউসের সব টিকিটই বিক্রি হয়ে গেছে, শুধু ভিআইপি গ্যালারির কিছু টিকিট বাকি আছে।' বায়ান্ন বাজার তেপ্পান্ন গলির ঢাকা শহরটা ঈদের ছুটিতে হয়ে যায় একদম ফাঁকা। তখন বোঝা যায়, এই ইট-পাথরের খাঁচায় কেবলই বেঁচে থাকার লড়াইয়ে শামিল বেশির ভাগ মানুষ। রাজধানী ঢাকা যে কারো আপন নয়, প্রমাণটা দেখা গেছে ক্রিকেট মাঠেও। ঢাকা গ্ল্যাডিয়েটরসের খেলা থাকলেও মাঠে আসার বাড়তি কোনো তাগিদ অনুভব করেননি অনেক ঢাকাবাসী, কাজ করেনি নাড়ির টান। কিন্তু চট্টগ্রামে শহর থেকে খানিকটা দূরের মাঠেও ক্রিকেটপ্রেমীরা এসেছেন সানন্দে। উৎসবের আমেজে ভুভুজেলা বাজিয়ে আর মাথায় চট্টগ্রাম কিংসের ব্যান্ডানা বেঁধে। টুর্নামেন্টের একমাত্র 'হোম ভেন্যু চট্টগ্রামের ভরা গ্যালারি যেন জানিয়ে গেল সেই সত্যি কথাটাই। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট জমাতে হলে প্রয়োজন 'হোম অ্যান্ড অ্যাওয়ে' ভিত্তিতে খেলা। তাহলে খেলার মজার সঙ্গে আঞ্চলিক স্বাতন্ত্র্যের টানে এমনিতেই মাঠে আসবে দর্শক। পাশের দেশ থেকে তথাকথিত 'তারকা' ভাড়া করে আনার প্রয়োজন হবে না। |
|